ঈদযাত্রায় পুলিশের বিশেষ পরামর্শ
আসন্ন পবিত্র ঈদুল আযহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য জনসাধারণের প্রতি পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার (২০ মে) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ঈদের আগে ও পরে পর্যাপ্ত সময় নিয়ে ভ্রমণ পরিকল্পনা করা, ট্রেন, বাস, লঞ্চ ও ফেরিঘাটের শেষ মুহূর্তের মারাত্মক ভিড় এড়ানো, ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাসে না ওঠা, ট্রেন, লঞ্চ ও স্টিমারের ছাদে এবং ট্রাক, পিকআপ ও অন্যান্য পণ্যবাহী যানবাহনে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।
এছাড়াও চালককে দ্রুত গতিতে গাড়ি চালাতে তাগিদ না দেওয়া, চালক যাতে নিয়ম মেনে গাড়ি চালায় এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করে সেদিকে লক্ষ্য রাখা, অপেশাদার, ক্লান্ত বা অসুস্থ চালক যাতে গাড়ি না চালায় সে ব্যাপারে সতর্ক থাকা, হাইওয়েতে নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহনে চলাচল পরিহার করা, হাইওয়েতে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি না চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।
পরামর্শের মধ্যে আরো রয়েছে— ট্রেনে ভ্রমণের সময় পাথর নিক্ষেপ সম্পর্কে সতর্ক থাকুন, মালামাল নিজ দায়িত্বে রাখুন, বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ থেকে বিরত থাকুন।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে নৌযানে ভ্রমণ থেকে বিরত থাকা, দুর্ঘটনা কবলিত নৌযান শনাক্তকরণের লক্ষ্যে নৌযান মালিকগণ নৌযানসমূহে ১০০ থেকে ১৫০ ফুট লম্বা দড়ি সম্বলিত বয়া এবং লাইফ জ্যাকেটের ব্যবস্থা রাখা, লঞ্চ ও ফেরিতে ওঠানামার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা, যাত্রাপথে অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ প্রতারক চক্রের ব্যাপারে সতর্ক থাকা, কাউকে অজ্ঞান পার্টি, মলম পার্টি বা প্রতারক চক্রের সদস্য সন্দেহ হলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে খবর দেওয়া অথবা ৯৯৯-এ কল করাসহ বিভিন্ন পরামর্শ দিয়েছে পুলিশ।
প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুমে : ০১৩২০০০১৩০০, ০১৩২০০০১২৯৯, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স : ০১৩২০১৮২৫৯৮, রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স : ০১৩২০১৭৭৫৯৮, নৌ পুলিশ হেডকোয়ার্টার্স : ০১৩২০১৬৯৫৯৮, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) : ০১৭৭৭৭২০০২৯ নম্বরে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করুন।
এমএ//