জাতীয়

টিকা সংকট নিয়ে অন্তবর্তী সরকারকে একাধিক চিঠি দিয়েও সাড়া মেলেনি: ইউনিসেফ

বাংলাদেশে হামসহ বিভিন্ন জীবনরক্ষাকারী টিকার সম্ভাব্য সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে আগেভাগেই একাধিকবার সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটির দাবি, ২০২৪ সাল থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সরকারকে অন্তত পাঁচ থেকে ছয়টি চিঠি পাঠানো হলেও তাতে কার্যকর সাড়া পাওয়া যায়নি।

বুধবার (২০ মে) এক সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এ তথ্য জানান।

সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাব ও টিকা সংকট নিয়ে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমানের এক বক্তব্যের পর ইউনিসেফের পক্ষ থেকে এ ব্যাখ্যা আসে। অধ্যাপক সায়েদুর রহমান দাবি করেছিলেন, হামের ঝুঁকি সম্পর্কে সরকারকে আগে থেকে সতর্ক করেনি ইউনিসেফ।

এর জবাবে রানা ফ্লাওয়ার্স বলেন, নির্দিষ্ট তারিখ এই মুহূর্তে হাতে না থাকলেও তিনি নিশ্চিত যে ২০২৪ সাল থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ থেকে ছয়টি চিঠি পাঠানো হয়েছিল। এমনকি নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগমুহূর্তেও একটি চিঠি পাঠানো হয়, যাতে বিষয়টি দায়িত্বশীল ব্যক্তিদের নজরে আসে।

তিনি আরও জানান, শুধু চিঠিই নয়—পরিস্থিতির গুরুত্ব বোঝাতে তিনি নিজে এবং ইউনিসেফের কর্মকর্তারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে অন্তত ১০টি জরুরি বৈঠক করেছেন।

টিকা আমদানিতে বিলম্বের কারণ হিসেবে রানা ফ্লাওয়ার্স বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা কেনার সিদ্ধান্ত নেওয়ায় পুরো প্রক্রিয়ায় সময় লেগেছে। এতে টিকা সরবরাহে বিলম্ব হয়েছে।

তিনি বলেন, টিকা একটি বিশেষায়িত পণ্য হওয়ায় সব ক্ষেত্রে উন্মুক্ত দরপত্র কার্যকর পদ্ধতি নয়। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত নিরাপদ ও কার্যকর টিকা নিশ্চিত করতে হয়। ইউনিসেফ বৈশ্বিক পর্যায়ে বড় পরিসরে টিকা সংগ্রহ করে বলে কম খরচে মানসম্মত টিকা সরবরাহ সম্ভব হয়।

বাংলাদেশে হামের বর্তমান পরিস্থিতিকে শিক্ষণীয় উল্লেখ করে ইউনিসেফ প্রতিনিধি বলেন, এখন দোষারোপের সময় নয়; বরং কেন প্রতিবছর প্রায় পাঁচ লাখ শিশু নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে থেকে যাচ্ছে, তা খতিয়ে দেখা জরুরি। ভবিষ্যতে যেন প্রতিরোধযোগ্য রোগে কোনো শিশুর মৃত্যু না হয়, সে লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন