আন্তর্জাতিক গণমাধ্যম এএফপির প্রতিবেদনে ভাইরাল ‘ট্রাম্প মহিষ’
বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে এক অদ্ভুত “তারকা”কে ঘিরে ব্যাপক আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। তবে এই তারকা কোনো মানুষ নয়, বরং এক সোনালি লোমওয়ালা অ্যালবিনো মহিষ। স্থানীয়ভাবে যার ডাকনাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
মহিষটির মাথার লম্বা, ঢেউ খেলানো সোনালি লোম অনেকের কাছেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর চুলের স্টাইলের সঙ্গে মিল রয়েছে বলে মনে হয়েছে। সেই কারণেই এটি সামাজিক মাধ্যমে দ্রুত পরিচিতি পায় এবং কুরবানির ঈদের আগেই হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু।
জানা গেছে, আসন্ন কুরবানিতে মহিষটি জবাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে। তবে তার আগেই এটি দেখতে ও ছবি তুলতে আশপাশের এলাকা থেকে ভিড় করছেন অসংখ্য মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও এর ছবি ও ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
বিষয়টি শুধু দেশেই সীমাবদ্ধ থাকেনি, বরং আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নিয়েছে।
ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপি এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে মার্কিন প্রেসিডেন্টের প্রসঙ্গ টেনে ব্যঙ্গাত্মকভাবে মহিষটিকে ‘কমান্ডার ইন বিফ’ বলেও উল্লেখ করা হয়, যা অনলাইনে আরও আলোচনার জন্ম দিয়েছে।
মহিষটির ৩৮ বছর বয়সী মালিক জিয়া উদ্দিন মৃধা নারায়ণগঞ্জে তার নিজ খামার থেকে এএফপিকে জানান, প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটির নাম রেখেছেন তার ছোট ভাই।
তিনি বলেন, ‘মহিষটির অনন্য চুলের কারণেই আমার ছোট ভাই এই নামটা বেছে নেয়।’
মৃধা জানান, মে মাসজুড়ে কৌতূহলী দর্শনার্থীদের অবিরাম ভিড় লেগেই আছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার, আশপাশের মানুষ ও শিশুরা সবাই ভিড় করছেন এই ইন্টারনেট সেনসেশনকে দেখতে। খামারে দেখা যায়, কয়েকজন মানুষ মহিষটির মাথায় ঠান্ডা পানি ঢালছেন। এরপর গোলাপি রঙের একটি ব্রাশ দিয়ে তার সোনালি চুল আঁচড়ে দেয়া হচ্ছে। চুলগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়েছে দুই পাশে বাঁকানো বড় শিংয়ের মাঝখানে।
তিনি বলেন, ‘ওর একমাত্র বিলাসিতা হলো দিনে চারবার গোসল করা।’
তবে মৃধা জোর দিয়ে বলেন, মহিষটির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের মিল কেবল চুলেই সীমাবদ্ধ। স্থানীয় প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অ্যালবিনো মহিষ অত্যন্ত বিরল। শরীরে মেলানিন উৎপাদনের ঘাটতির কারণে এ ধরনের মহিষ সাদা বা গোলাপি আভাযুক্ত হয়ে থাকে।
তিনি আরও জানান, অতিরিক্ত ভিড় আর মানুষের চাপের কারণে মহিষটির ওজন কমে গেছে। তাই এখন জনসাধারণের দেখার ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। তবু শিশুরা এখনো খামারের গেটের ফাঁক দিয়ে উঁকি মেরে ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখার চেষ্টা করছে।
৩০ বছর বয়সী ব্যবসায়ী ফয়সাল আহমেদও মহিষটির কাছে গিয়ে ছবি তুলতে পেরেছেন।
এএফপিকে তিনি বলেন, ‘সত্যি বলতে, মহিষটার চেহারার বৈশিষ্ট্যের সঙ্গে ট্রাম্পের মিল আছে।’ তিনি জানান, পাঁচ বন্ধু ও স্বজনকে নিয়ে তিনি মহিষটি দেখতে এসেছেন। তিনি বলেন, ‘আমার ভাতিজা শুধু ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য এক ঘণ্টার নৌভ্রমণ করে এখানে এসেছে।’
অনলাইনে ‘ট্রাম্প মহিষ’ জাতীয় তারকায় পরিণত হলেও, সেটিই একমাত্র ডাকনামধারী মহিষ নয়। তার সঙ্গীদের মধ্যেও আছে বিভিন্ন নামে পরিচিত মহিষ। যেমন আক্রমণাত্মক স্বভাবের এক ষাঁড়ের নাম ‘তুফান’, বড় আকৃতির আরেকটির নাম ‘ফ্যাট বয়’, আর শান্ত স্বভাবের একটি পরিচিত ‘সুইট বয়’ নামে। এমনকি সোনালি চুলওয়ালা আরেকটি ষাঁড়ের নাম রাখা হয়েছে ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের নামে।
এক বছর ধরে চার বছর বয়সী এই মহিষটির দেখাশোনা করছেন মৃধা। মহিষটির দিকে স্নেহভরে তাকিয়ে তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে আমি মিস করব। কিন্তু এটাই তো ঈদুল আজহার মূল চেতনা। আর তা হলো- ত্যাগ স্বীকার করা।’
দক্ষিণ এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ ১৭ কোটি মানুষের দেশ বাংলাদেশ এখন প্রস্তুতি নিচ্ছে ঈদুল আজহার, অর্থাৎ ‘ত্যাগের উৎসবের’। চলতি মাসের শেষ দিকে উদ্যাপিত হবে এই ধর্মীয় উৎসব। ঈদুল আজহায় সারা দেশে এক কোটিরও বেশি গবাদিপশু কুরবানি হওয়ার কথা। এর মধ্যে থাকবে ছাগল, ভেড়া, গরু ও মহিষ।
সূত্র: আরব নিউজ
এসি//