ফের গাজাজুড়ে ইসরাইলি হামলা, নিহত ৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। বিভিন্ন এলাকায় চালানো এসব হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা।
বৃহস্পতিবার (২১ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণাধীন দক্ষিণ গাজার রাফাহ গভর্নরেটের আল-মাওয়াসি এলাকায় দুই ফিলিস্তিনি নিহত হন।
এছাড়া খান ইউনিসের উত্তর-পূর্বাঞ্চলীয় আল-কারারা এলাকায় পৃথক হামলায় আরও একজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, উত্তর গাজার বেইত লাহিয়ায় ফিলিস্তিনিদের একটি জটলার ওপর ইসরাইলি কোয়াডকপ্টার ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হলে একজন নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ওয়াফা।
এদিকে জাবালিয়ার হালাওয়া শরণার্থী শিবিরের কাছে ড্রোন হামলায় আরও একজন ফিলিস্তিনি আহত হয়েছেন। তবে এসব হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এমএ//