খেলাধুলা

ইবোলা আতঙ্ক: বিশ্বকাপের আগে আইসোলেশনে থাকতে হবে কঙ্গো দলকে

ইবোলা প্রাদুর্ভাবের কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) বিশ্বকাপ দলকে ২১ দিন আইসোলেশনে থাকতে হবে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

শনিবার (২৩ মে) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, ফিফা, কঙ্গো জাতীয় দল এবং কিনশাসা সরকারকে ইতোমধ্যে বিষয়টি অবহিত করা হয়েছে। বর্তমানে বেলজিয়ামে অনুশীলনে থাকা দলটিকে ‘বাবল’ ব্যবস্থার আওতায় থাকতে বলা হয়েছে।

জুলিয়ানি বলেন, “কঙ্গো দলকে স্পষ্টভাবে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে ২১ দিন এই সুরক্ষিত পরিবেশ বজায় রাখতে হবে। তা না হলে তারা যুক্তরাষ্ট্র সফরের অনুমতি নাও পেতে পারে।”

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সীমান্তে স্বাস্থ্যঝুঁকি ঠেকানোই ওয়াশিংটনের প্রধান অগ্রাধিকার। একইসঙ্গে মার্কিন নাগরিক, অংশগ্রহণকারী দল এবং লাখো দর্শকের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

এর আগে ডিআর কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদান থেকে আগতদের ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করলেও কঙ্গোর জাতীয় ফুটবল দলকে বিশেষ ছাড় দেওয়ার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ডিআর কঙ্গোতে এখন পর্যন্ত ৮২টি নিশ্চিত ইবোলা সংক্রমণ ও সাতজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। পাশাপাশি প্রায় ৭৫০টি সন্দেহভাজন সংক্রমণ এবং ১৭৭টি সন্দেহজনক মৃত্যুর ঘটনা তদন্তাধীন রয়েছে।

ডব্লিউএইচও জানিয়েছে, এবারের প্রাদুর্ভাব ‘বুন্ডিবুগিও’ ধরনের ইবোলা ভাইরাসের কারণে হচ্ছে, যার জন্য এখনো অনুমোদিত কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই।

উল্লেখ্য, ১৯৭৪ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ডিআর কঙ্গো। আগামী ১৭ জুন ‘কে’ গ্রুপে পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে তারা।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন