ব্যাংক খাতে বাড়ছে খেলাপি ঋণ
দেশের ব্যাংক খাতে খেলাপি ও শ্রেণিকৃত ঋণের পরিমাণ আরও বেড়েছে। গত সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট শ্রেণিকৃত ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। তিন মাসে এই ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। বর্তমানে ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশই শ্রেণিকৃত। অর্থাৎ ব্যাংক খাতের প্রতি ১০০ টাকার ঋণের প্রায় ৩৪ টাকাই এখন ঝুঁকির মধ্যে রয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। গত জুন শেষে এর পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে ঋণ বিতরণ বেড়েছে ৫ হাজার ৫৭৪ কোটি টাকা। অথচ একই সময়ে শ্রেণিকৃত ঋণ বেড়েছে প্রায় ২১ হাজার কোটি টাকা।
গত জুন শেষে ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। একই সময়ে মোট ঋণের বিপরীতে শ্রেণিকৃত ঋণের হার ৩২ দশমিক ৭৮ শতাংশ থেকে বেড়ে ৩৩ দশমিক ৮০ শতাংশ হয়েছে। অর্থাৎ তিন মাসে এই হার বেড়েছে ১ দশমিক ০২ শতাংশ পয়েন্ট। সেপ্টেম্বর শেষে নিট শ্রেণিকৃত ঋণের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ১২ শতাংশ।
শ্রেণিকৃত ঋণের বড় অংশই খেলাপি ঋণ। সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ৯৫৫ কোটি টাকা। জুন শেষে এই পরিমাণ ছিল ৫ লাখ ৮১ হাজার ২৩৮ কোটি টাকা। সে হিসাবে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৬ হাজার ৭১৭ কোটি টাকা।
মোট বিতরণ করা ঋণের বিপরীতে খেলাপি ঋণের হারও বেড়েছে। গত জুন শেষে এই হার ছিল ৩১ দশমিক ৪১ শতাংশ। সেপ্টেম্বর শেষে তা দাঁড়িয়েছে ৩২ দশমিক ১৯ শতাংশে।
এর আগে গত মার্চ শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। আর ২০২৫ সালের ডিসেম্বর শেষে এই পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। চলতি বছরের প্রথম তিন মাসে খেলাপি ঋণ বেড়েছিল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা। এরপর জুন শেষে তা ৬ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছায়। সেপ্টেম্বরেও এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।
শ্রেণিকৃত ঋণের ৯২ শতাংশের বেশি মন্দ
ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণের বড় অংশই এখন মন্দ বা ক্ষতিজনক পর্যায়ে রয়েছে। গত সেপ্টেম্বর শেষে এ ধরনের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮১ হাজার ৪৯৪ কোটি টাকা। যা মোট শ্রেণিকৃত ঋণের ৯২ দশমিক ৬৮ শতাংশ। ফলে এসব ঋণ আদায় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ ছাড়া বিশেষ তদারকিতে থাকা স্পেশাল মেনশন অ্যাকাউন্টের (এসএমএ) ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৩৭ কোটি টাকা।
প্রভিশন ঘাটতি ২ লাখ ১৮ হাজার কোটি টাকা
খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণেও বড় ঘাটতি রয়েছে। সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর প্রয়োজনীয় প্রভিশনের পরিমাণ ছিল ৪ লাখ ৮২ হাজার ৫২০ কোটি টাকা। এর বিপরীতে সংরক্ষণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ১৮২ কোটি টাকা। ফলে প্রভিশন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৩৯ কোটি টাকা।
তবে আগের প্রান্তিকের তুলনায় এই ঘাটতি কিছুটা কমেছে। গত জুন শেষে প্রভিশন ঘাটতি ছিল ২ লাখ ২২ হাজার ৩৫৮ কোটি টাকা। সে হিসাবে তিন মাসে ঘাটতি কমেছে ৪ হাজার ১৯ কোটি টাকা।
একই সময়ে প্রভিশন কভারেজ অনুপাতও বেড়েছে। সেপ্টেম্বর শেষে এই অনুপাত দাঁড়িয়েছে ৫৪ দশমিক ৭৫ শতাংশ, যা জুন শেষে ছিল ৫৪ শতাংশ। গত বছরের সেপ্টেম্বর শেষে এই হার ছিল ২৮ দশমিক ৮২ শতাংশ।
সব মিলিয়ে ব্যাংক খাতের সর্বশেষ পরিসংখ্যানে ঋণ বিতরণের তুলনায় খেলাপি ও শ্রেণিকৃত ঋণের বড় চাপের চিত্র উঠে এসেছে। বিশেষ করে শ্রেণিকৃত ঋণের ৯২ শতাংশের বেশি মন্দ বা ক্ষতিজনক পর্যায়ে থাকায় তা আদায় নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। অন্যদিকে বিপুল প্রভিশন ঘাটতি ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা ও ঝুঁকি মোকাবিলার ক্ষেত্রে বাড়তি চাপ তৈরি করছে।
এসি//