রাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে সচিবালয়ে এনসিপি

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাজনৈতিক সংলাপে অংশ নিতে সচিবালয়ে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১টার দিকে নাহিদ ইসলামের নেতৃত্বে দলটি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছায়।

প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হোসাইন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে আলোচনাও করেন। এরই ধারাবাহিকতায় আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী। প্রথম দল হিসেবে এনসিপির নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন তিনি।

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনায় বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন