রাজধানী

আইনশৃঙ্খলা জোরদারে ঢাকা রেঞ্জে দুই মাসের জন্য ১২ পুলিশ কর্মকর্তা সংযুক্ত

ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকির পাশাপাশি প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রম জোরদার করতে ১২ জন পুলিশ কর্মকর্তাকে সংযুক্ত করা হয়েছে। দুই মাসের জন্য তাদের ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন অতিরিক্ত উপমহাপরিদর্শক রায়হান উদ্দিন খান।

সংযুক্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার আটজন এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার চারজন রয়েছেন।

আট অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, মোহাম্মদ শাহ ইমরান, মো. মেহেদী হাসান, এস এম আল-বেরুনী, এ বি এম মুজাহিদুল ইসলাম ও মো. আতিকুর রহমান এবং চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোহেল রানা।

অন্যদিকে, সংযুক্ত হওয়া চার সহকারী পুলিশ সুপার হলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মো. মোকছেদুল মমিন, পুলিশ সদর দপ্তরের মো. আবু সিয়াম ও মো. মাকসুদুল হাসান এবং গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সালাউদ্দিন শাকিল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, তদারকি ও প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন