দেশজুড়ে

পতাকা বৈঠকের মাধ্যমে নারী-শিশুকে ফেরত দিলো বিএসএফ

পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় শিশু সহ এক নারীকে আটকের পর পতাকা বৈঠকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (২২ মে) রাতে সীমান্তের মেইন পিলার ৭৫১ হতে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে সিপাইপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটকের পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে ফেরত দেয়া হয়। রাতেই আটককৃতদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবির মাধুপাড়া ক্যাম্পের সদস্যরা।

এ ঘটনায় রাতে বিজিবির পক্ষ থেকে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। 

আটককৃতরা হলেন, মাদারীপুর জেলার শিবচর উপজেলার দওপাড়া এলাকার ইমরান হোসেনের স্ত্রী বৃষ্টি খাতুন (২৫) ও তিন বছর বয়সি মেয়ে আয়েশা খাতুন। শনিবার (২৩ মে) তাদের আদালতে তোলার কথা রয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার মাধুপাড়া সীমান্ত দিয়ে ৩ বছর বয়সি মেয়েসহ ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় বৃষ্টি খাতুন নামের এক নারীকে আটক করে বিএসএফ। পরে রাতেই বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

ওসি আশরাফুল ইসলাম বলেন, ওই নারী আগেও একবার ভারতে গিয়েছিলেন। সেখানে তার স্বামী মাইদুল শেখ থাকেন। বৃষ্টি তার কাছেই যাচ্ছিলেন বলে জানা গেছে। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন