ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, সকালেও মেলেনি সূর্যের দেখা
রাতভর ঝরেছে কুয়াশা, সকালেও কাটেনি ঘনত্ব। চারপাশ ঢাকা পড়েছে সাদা চাদরে। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি উত্তরের জেলা পঞ্চগড়ে। ঘন কুয়াশায় সড়কে দৃষ্টিসীমা কমে যাওয়ায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। কোথাও কোথাও সামনের দৃশ্যও স্পষ্ট দেখা যাচ্ছে না।
জেলার বিভিন্ন এলাকায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। ভোরের দিকে পরিস্থিতি আরও ঘন হয়ে ওঠে। এতে সকালেও শীতের অনুভূতি ছিল বেশি। কয়েক দিন ধরে সন্ধ্যা ও রাতে শীতের তীব্রতা বাড়ছে। রাতভর কুয়াশা পড়ায় ভোরে বাইরে বের হওয়া এবং কাজে যাতায়াত করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে। বিশেষ করে যানবাহনের চালকদের দুর্ভোগ বেশি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলে আবার গরম অনুভূত হচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগের দিন সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়ের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।
এর আগে, গত ১৯ নভেম্বর তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
এসি//