রাজধানী

রাজধানীতে বিএসটিআইয়ের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা-সিলগালা

রাজধানীর রামপুরা ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং আরেকটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। একইসঙ্গে বিপুল পরিমাণ অবৈধ খাদ্যপণ্য জব্দ ও ধ্বংস করা হয়েছে।

শনিবার (২৩ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট চালিয়ে এ ব্যবস্থা নেয় বিএসটিআই।

বিএসটিআই জানায়, খিলগাঁও এলাকায় অবস্থিত ‘লা-অর্গানিক’ নামের প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই লাচ্ছা সেমাই, বাটার, মধু, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও ঘি উৎপাদন ও বাজারজাত করতে দেখা যায়। এ অপরাধে ‘বিএসটিআই আইন ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রায় ৬০০ কেজি লাচ্ছা সেমাই ও ২০ কেজি বাটার জব্দ করা হয়েছে।

এছাড়া, রামপুরা বাজার এলাকায় ‘প্রকৃতি ফুড’ নামের একটি প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া ‘সেরেলাক্স’ পণ্য বিক্রি করতে দেখা যায়। এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের পণ্য জব্দ করে ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে এবং অবৈধ উৎপাদন ও বাজারজাত বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার সিকান্দার মাহমুদ। এছাড়া বিএসটিআইয়ের অন্যান্য কর্মকর্তা ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১১ (এপিবিএন)-এর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন