দেশজুড়ে

আদালত থেকে মামলার নথি চুরি, গ্রেপ্তার ৪

ছবি: সংগৃহীত

নওগাঁ জেলা ও দায়রা জজ আদালত থেকে গুরুত্বপূর্ণ মামলার নথি চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চুরি হওয়া নথিও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২২ মে) রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ সুপার জানান, আদালত থেকে মামলার নথি চুরি করে তা ফেরত দেওয়ার নামে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে একটি চক্রকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তিনি বলেন, বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় বিষয়টি জানার পর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল অভিযান শুরু করে। প্রথমে রাজশাহীর বাগমারা এলাকায় এবং পরে নওগাঁ সদরের সিংবাচা বাজারে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত এস এম আকাশকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি খড়ের পালা থেকে চুরি হওয়া মামলার নথি উদ্ধার করা হয়। একইসঙ্গে তার স্বীকারোক্তির ভিত্তিতে চক্রের বাকি সদস্যদেরও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের সিংবাচা বাজার এলাকার আনোয়ার হোসেনের ছেলে এস এম আকাশ (২৬), সদর উপজেলার খয়রাবাদ এলাকার করিম সরদারের ছেলে ও জেলা যুগ্ম ও দায়রা জজ আদালত-২-এর পিয়ন পলাশ, সাপাহার সাব-জজ আদালতের পিয়ন আরিফ এবং রানীনগর উপজেলার তেবাড়িয়া গ্রামের আমজাদের ছেলে সবুজ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন