বিমানবন্দর থেকে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
রাজধানীর শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করেন সুইডেন আসলাম। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে প্রবেশের পর ইমিগ্রেশন কার্যক্রমের সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়া এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম।