অর্থনীতি

টানা ৯ দফায় কমানোর পর স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি

টানা নয় দফা কমার পর দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিপ্রতি ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাকে গুনতে হবে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।

সোমবার (২৩ নভেম্বর) সকালে বিজ্ঞপ্তি দিয়ে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে এই দর কার্যকর হয়েছে।

নতুন মূল্য তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকায়।

এর আগে গত শনিবার (২১ নভেম্বর) রাতে নবম দফায় স্বর্ণের দাম কমায় বাজুস। ওই সময় ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।

চলতি মাসের শুরুতে টানা তিন দফা দাম বাড়ানোর পর গত ৬ নভেম্বর ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস। এরপর ১৫ দিনের মধ্যে আরও আট দফায় কমানো হয় স্বর্ণের দাম। ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ২ হাজার ৭৪১ টাকা, ১২ নভেম্বর তৃতীয় দফায় ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর চতুর্থ দফায় ২ হাজার ১৫৮ টাকা, ১৪ নভেম্বর পঞ্চম দফায় ২ হাজার ২১৬ টাকা এবং ১৮ নভেম্বর ষষ্ঠ দফায় আরও ২ হাজার ২১৬ টাকা কমানো হয়।

এ ধারাবাহিকতায় ১৯ নভেম্বর সপ্তম দফায় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা এবং ২০ নভেম্বর অষ্টম দফায় ১০ হাজার ৯৬৪ টাকা কমানোর ঘোষণা আসে। সবশেষ ২১ নভেম্বর রাতেও নবম দফায় দাম কমায় বাজুস। একের পর এক দরপতনের পর সোমবার আবারও বাড়ল স্বর্ণের দাম।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ১৪৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৬ দফায় দাম বেড়েছে, ৭৬ দফায় কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত বছর অর্থাৎ ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই বছর ৬৪ দফায় দাম বাড়ানো হয়েছিল, কমানো হয়েছিল ২৯ দফায়।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমান দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ৯২৫ টাকায় বিক্রি হচ্ছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন