পুরোনো স্বর্ণ বদল ও বিক্রিতে বাজুসের নতুন নিয়ম
পুরোনো স্বর্ণের গহনা বদলে নতুন গহনা নেওয়া কিংবা দোকানে বিক্রি করতে গেলে কত টাকা কাটা যাবে, সেই হিসাব বদলেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) পুরোনো স্বর্ণ বদল ও কেনার ক্ষেত্রে নতুন কর্তনের হার নির্ধারণ করেছে।
রোববার (২২ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে এ নিয়ম।
বাজুসের নতুন নির্দেশনা অনুযায়ী, পুরোনো স্বর্ণালংকার বদলে নতুন গহনা নেওয়ার ক্ষেত্রে ৯ শতাংশ এবং পুরোনো স্বর্ণ দোকানে বিক্রি করলে ১৫ শতাংশ কর্তন করা হবে।
দুই ধরনের লেনদেনের হিসাব অবশ্য আলাদা। গহনা বদলের ক্ষেত্রে পুরোনো স্বর্ণের মূল্য নতুন গহনা কেনার সঙ্গে সমন্বয় করা হয়। অন্যদিকে, বিক্রির সময় দোকান পুরোনো গহনা কিনে নেয়। এ কারণে দুই ক্ষেত্রে কর্তনের হারও ভিন্ন রাখা হয়েছে।
এর আগে ২০২৩ সালের বাজুস নির্দেশনা নিয়ে প্রকাশিত প্রতিবেদনে পুরোনো স্বর্ণ বদলের ক্ষেত্রে ১০ শতাংশ এবং দোকানে বিক্রির ক্ষেত্রে ২০ শতাংশ কর্তনের কথা উল্লেখ করা হয়। পরে ২০২৪ সালের মে মাসে প্রকাশিত প্রতিবেদনে বদলের ক্ষেত্রে ১০ শতাংশ ও বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ কর্তনের হার জানানো হয়েছিল।
নতুন নিয়মে বদলের ক্ষেত্রে কর্তন ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ শতাংশ করা হয়েছে। তবে পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ কর্তনের হার অপরিবর্তিত রয়েছে।
বদলের ক্ষেত্রে কর্তন কমায় আগের তুলনায় ক্রেতারা কিছুটা বেশি মূল্য সমন্বয়ের সুযোগ পাবেন। যেমন, ১ লাখ টাকা মূল্যমানের পুরোনো গহনা বদলের ক্ষেত্রে আগে ১০ শতাংশ কর্তন হলে বাদ যেত ১০ হাজার টাকা। এখন ৯ শতাংশ কর্তনে বাদ যাবে ৯ হাজার টাকা। অর্থাৎ একই মূল্যায়নে ১ হাজার টাকা বেশি সমন্বয় হবে।
তবে পুরোনো স্বর্ণ বিক্রির ক্ষেত্রে চূড়ান্ত মূল্য নির্ধারণে গহনার ওজন, বিশুদ্ধতা ও যাচাই গুরুত্বপূর্ণ। গহনায় পাথর বা অন্য উপাদান থাকলে সেগুলোর ওজন কীভাবে হিসাব করা হচ্ছে, তা জেনে নেওয়া উচিত। লেনদেনের আগে একাধিক দোকানে মূল্য যাচাই ও চূড়ান্ত হিসাব বুঝে নেওয়াও জরুরি।
এসি//