আবারও সোনার বাজারে উত্তাপ, নতুন দাম ঘোষণা বাজুসের
দেশের বাজারে টানা দুই দফা কমার পর এবার আবারও স্বর্ণালংকারের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।
শনিবার (২৭ জুন) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করে বাজুস। সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত নতুন মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা বিশুদ্ধ স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় বর্তমান পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণালংকারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দামে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভ্যাটসহ এর দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণালংকারের দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণালংকারের দাম বেড়েছে ৪ হাজার ৪৯০ টাকা, নতুন দাম হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা।
অন্যদিকে সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণালংকারের দাম ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
এর আগে ২৪ ও ২৫ জুন টানা দুই দফায় স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছিল বাজুস। ২৫ জুন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এর আগের দিন ২৪ জুন একই মানের স্বর্ণালংকারের দাম কমানো হয়েছিল ৫ হাজার ৪৮২ টাকা।
এসি//