অর্থনীতি

তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

যুদ্ধের উত্তাপ কিছুটা কমার আভাস মিলতেই বদলাতে শুরু করেছে বিশ্ববাজারের হিসাব-নিকাশ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনের সম্ভাবনায় কমছে জ্বালানি তেলের দাম। আর এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে এক লাফে ১ শতাংশের বেশি বেড়েছে স্বর্ণের দাম। একই সঙ্গে ঊর্ধ্বমুখী হয়েছে রূপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও।

সোমবার (০৯ নভেম্বর) সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্পট স্বর্ণের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ১২৯ ডলার ৬৯ সেন্টে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বরের জন্য স্বর্ণের আগাম সরবরাহমূল্যও ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৩৯ ডলারে পৌঁছায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত কমার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিম্নমুখী হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করার পর থেকেই তেলের দামে পতন শুরু হয়। পাশাপাশি যুদ্ধ বন্ধে আলোচনা অব্যাহত থাকায় জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কাও কমেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন পরিসংখ্যান এবং কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এসব বিষয়ও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে মূল্যস্ফীতির চাপ কমার সম্ভাবনা তৈরি হয়। এতে সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখার প্রয়োজনীয়তা কমতে পারে। সাধারণত স্বর্ণ থেকে নিয়মিত সুদ পাওয়া যায় না। ফলে সুদের হার কমার প্রত্যাশা তৈরি হলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ বাড়ে।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে সুদের হার বাড়ার সম্ভাবনা দেখছেন ৭৯ শতাংশ ব্যবসায়ী। কর্মসংস্থানসংক্রান্ত তথ্য প্রকাশের আগে এই সম্ভাবনা ছিল ৭১ শতাংশ।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স রূপার দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে হয়েছে ৫৩ ডলার ৩১ সেন্ট। এ ছাড়া প্লাটিনামের দাম ১ দশমিক ৬ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়েছে।

এদিকে দেশের বাজারে সর্বশেষ গত শুক্রবার (৬ নভেম্বর) স্বর্ণের দাম সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা তিন দফা দাম বাড়ানোর পর সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। এতে দাম দাঁড়ায় ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।

নতুন কোনো সিদ্ধান্ত না আসায় বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।

তবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের এই বড় দরবৃদ্ধির প্রভাব দেশের বাজারেও পড়তে পারে। সে ক্ষেত্রে নতুন করে বাড়তে পারে দেশের বাজারে স্বর্ণের দাম।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন