ইসরাইলি মন্ত্রী বেন গভিরের ফ্রান্স প্রবেশে নিষেধাজ্ঞা
ইসরাইলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের ওপর ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্যারিস। ফ্লোটিলা কর্মীদের সঙ্গে তার আচরণকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো জানান, “আজ থেকে ইতামার বেন-গভিরকে ফ্রান্সে প্রবেশ নিষিদ্ধ করা হলো।”
তিনি বলেন, ফরাসি ও ইউরোপীয় নাগরিকদের প্রতি বেন-গভিরের “নিন্দনীয় আচরণের” পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব নাগরিক ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রী ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, চোখ ও হাত বাঁধা অবস্থায় মেঝেতে বসে থাকা ফ্লোটিলা কর্মীদের সামনে বেন-গভিরকে বিদ্রূপাত্মক আচরণ করতে। ভিডিওটি প্রকাশের পর আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে সাইপ্রাস উপকূলের আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরাইলি নৌবাহিনী ফ্লোটিলার একটি জাহাজ আটক করে এবং প্রায় ৪৩০ জনকে হেফাজতে নেয়।
এ ঘটনার পর ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, কানাডা ও স্পেনসহ কয়েকটি দেশ ইসরাইলি রাষ্ট্রদূতদের তলব করে। তারা ঘটনাটিকে “অগ্রহণযোগ্য” এবং মানবিক মর্যাদার পরিপন্থী বলে মন্তব্য করে।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “কোনো সরকারি কর্মকর্তার মাধ্যমে ফরাসি নাগরিকদের ভয়ভীতি, হুমকি বা সহিংসতার মুখে পড়া গ্রহণযোগ্য নয়।”
একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতি ইতামার বেন-গভিরের বিরুদ্ধে সমন্বিত নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তিনি।
এমএ//