দেশীয় গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানো সম্ভব: প্রাণিসম্পদ মন্ত্রী
দেশে পর্যাপ্ত গরু রয়েছে এবং দেশীয়ভাবে উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা পূরণ সম্ভব বলে জানিয়েছেন প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। তিনি বলেন, দেশের কৃষকের স্বার্থ রক্ষায় ভারতীয় গরু প্রবেশ ঠেকাতে সরকার সচেষ্ট।
রোববার (২৪ মে) রাজধানীর দিয়াবাড়ি গরুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, “আমাদের দেশে পর্যাপ্ত গরু আছে। দেশের ভেতরে উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা মেটাতে চাই।”
তিনি বলেন, “আমি নিজেও কৃষক। এবার ঈদে ৪৫টি গরু বিক্রি করব। গরু পালন করা আমার একটি শখ। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের গরু-ছাগল দেয়া হয়। এগুলো লালন-পালন করেই অনেকেই কোরবানির বাজারে নিয়ে আসেন।”
হাটে বিদেশি বা ভারতীয় গরু নেই দাবি করে মন্ত্রী বলেন, “গরু দেখলেই চিনতে পারি, কারণ আমি নিজেই গরু লালন-পালন করি। ভারতীয় কোনো গরু যেন আসতে না পারে, সে বিষয়ে আমরা সচেষ্ট। দেশের কৃষকের স্বার্থ সবার আগে রক্ষা করতে হবে।”
জাল টাকার লেনদেন ঠেকাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান প্রাণিসম্পদ মন্ত্রী।
তিনি বলেন, হাটে পুলিশের বুথে জাল টাকা শনাক্তের মেশিন রয়েছে। পাশাপাশি ব্যাংক ও ইজারাদাররাও এ বিষয়ে সতর্ক রয়েছে।
এমএ//