খেলাধুলা

জীবনকে ভালোবাসুন, ফিট থাকুন: জাইমা রহমান

ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে শনিবার (২৩ মে) অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক হাফ ম্যারাথন ‘ওয়ান রান’। আয়োজনে অংশ নিয়ে যুবসমাজকে সুস্থ জীবনযাপনের আহ্বান জানান ব্যারিস্টার জাইমা রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “জীবনকে ভালোবাসুন, ফিট থাকুন।”

তার মতে, বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রামের মতো বিভিন্ন অঞ্চলে আয়োজিত এ ধরনের ক্রীড়া আয়োজন সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতন ও শারীরিকভাবে সক্রিয় থাকতে অনুপ্রাণিত করছে।

ভবিষ্যতে নিজেও এমন আন্তর্জাতিক মানের আয়োজনে অংশ নিয়ে সবার সঙ্গে ট্র্যাকে দৌড়ানোর আগ্রহের কথাও জানান তিনি।

জাইমা রহমান বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে নারী-পুরুষসহ সব ধরনের সক্ষমতার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। সেই সঙ্গে পারস্পরিক সহযোগিতার মানসিকতা নিয়ে সমাজের সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ৭৪ বছর বয়সী এক ম্যারাথন অ্যাম্বাসেডরের অনুপ্রেরণামূলক জীবনের উদাহরণ তুলে ধরে তরুণদের অলসতা ঝেড়ে মাঠমুখী হওয়ার আহ্বান জানান ব্যারিস্টার জাইমা। সফলভাবে আন্তর্জাতিক মানের এই হাফ ম্যারাথন আয়োজন সম্পন্ন করায় সংশ্লিষ্ট আয়োজক, অ্যাথলেট ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদও জানান তিনি।

এদিকে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, দেশে যদি একটি সর্বজনীন খেলাবান্ধব পরিবেশ গড়ে তোলা যায়, তাহলে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

 

পি ডি/ এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন