জাতীয়

প্রবীণ ও প্রতিবন্ধীদের ট্রেন ভাড়ায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেবে রেলওয়ে

ছবি: এআই ছবি

প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ট্রেন ভ্রমণে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে। আসছে সোমবার (২৫ মে) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। 

রোববার (২৪ মে) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশ রেলওয়েকে দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবীণ যাত্রীদের ক্ষেত্রে (বয়স ৬৫ বছর বা তার বেশি) অনলাইন ও কাউন্টার-দুই মাধ্যমেই টিকিট কাটার সময় জাতীয় পরিচয়পত্র থেকে তথ্য যাচাই করে শুধু মূল ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেয়া হবে। তবে সার্ভিস চার্জ, ভ্যাটসহ অন্যান্য চার্জ আগের নিয়মেই দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একজন প্রবীণ যাত্রী সপ্তাহে সর্বোচ্চ দুইবার এ সুবিধা পাবেন। কোনো প্রবীণ যাত্রী সহযাত্রী নিয়ে টিকিট কাটলে সহযাত্রীর জন্য স্বাভাবিক ভাড়া প্রযোজ্য হবে। তবে সহযাত্রীও যদি প্রবীণ হন, তাহলে প্রতি বুকিংয়ে সর্বোচ্চ একজন অতিরিক্ত প্রবীণ সহযাত্রী ছাড় সুবিধা পাবেন। এজন্য তাকেও নিজস্ব নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে ভেরিফাইড হতে হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারী প্রতিবন্ধী যাত্রীরা, আন্তঃনগর ট্রেনের সুলভ বা শোভন শ্রেণিতে ৫০% এবং এসি (AC) শ্রেণিতে নতুন করে ২৫% ছাড় পাবেন। আপাতত সুবিধাটি শুধু স্টেশন কাউন্টার থেকে পাওয়া যাবে (ভবিষ্যতে অনলাইনে চালুর পরিকল্পনা রয়েছে)। 

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, স্বল্প দূরত্বের কমিউটার ট্রেনে শিক্ষার্থীদের ইউনিফায়েড পরিচয়পত্র চালুর পর তাদের জন্যও ২৫ শতাংশ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন