জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঢাকার জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায়। এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন।
সোমবার (২৫ মে) সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম।
তিনি জানান, আবহাওয়া অনুকূলে না থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হবে।
আব্দুস সালাম আরও বলেন, জাতীয় ঈদগাহ মাঠে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রবেশের জন্য চারটি গেট এবং বের হওয়ার জন্য সাতটি গেট রাখা হয়েছে।
তিনি জানান, ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সার্বিক ব্যবস্থাপনায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রশাসক বলেন, পশুর বর্জ্য আট ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোরবানির বর্জ্য ড্রেন বা খোলা স্থানে না ফেলে নির্ধারিত জায়গায় ফেলতে হবে, যাতে দ্রুত পরিষ্কার কার্যক্রম সম্পন্ন করা যায়।
এসি//