তাজমহলের সৌন্দর্যে মুগ্ধ রুবিও দম্পতি
ভালোবাসার অমর প্রতীক তাজমহলের সাদা মার্বেলের দেয়ালে সোমবার যেন ভেসে উঠল আরেকটি কূটনৈতিক মুহূর্তের ছবি। দক্ষিণ এশিয়া সফরে ভারতে এসে ইতিহাস, স্থাপত্য আর সংস্কৃতির এই বিশ্ববিখ্যাত নিদর্শনের সৌন্দর্যে মুগ্ধ হলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
সোমবার (২৫ মে) তিনি স্ত্রী জ্যানেট ডাউসডেবেস রুবিওকে সঙ্গে নিয়ে উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত বিশ্ববিখ্যাত এই স্থাপত্য নিদর্শনে যান। সেখানে ১৭শ শতকের মুঘল স্থাপত্যশৈলীর অনন্য এই সৌধ ঘুরে দেখেন তারা। তাজমহলের সামনে দাঁড়িয়ে স্মরণীয় কিছু ছবিও তোলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও তার স্ত্রী।
এর আগে চার দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার (২৩ মে) ভারতে পৌঁছান মার্কো রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম ভারত সফর।
কূটনৈতিক সূত্রগুলোর মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শুল্কনীতি এবং দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ও চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাড়তি যোগাযোগের কারণে ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্কের ওপর কিছুটা চাপ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দুই দেশের দ্বিপাক্ষিক ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করাই এই সফরের অন্যতম উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।
নির্ধারিত সফরসূচি অনুযায়ী কলকাতা সফর শেষে সোমবার আগ্রা পরিদর্শন করেন মার্কো রুবিও। সফরের বাকি সময়ে তার জয়পুর ও রাজধানী নয়াদিল্লি সফরের কথা রয়েছে।
এসি//