মেসির চোট নিয়ে স্বস্তির খবর দিলেন মায়ামি কোচ
ম্যাচের ৭৩ মিনিটে হঠাৎই মাঠ ছাড়লেন লিওনেল মেসি। বাম ঊরুতে অস্বস্তি নিয়ে বেঞ্চের দিকে হাঁটতে দেখা যায় তাকে। মুহূর্তেই থমকে যায় স্টেডিয়াম। বিশ্বকাপের আর মাত্র কয়েক দিন বাকি—তাই কোটি ভক্তের মনে তখন একটাই প্রশ্ন, তবে কি আবারও চোটের শঙ্কায় পড়লেন আর্জেন্টাইন অধিনায়ক?
তবে সেই দুশ্চিন্তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রাথমিক পরীক্ষার পর স্বস্তির খবর দিয়েছে ইন্টার মিয়ামি।
ক্লাব ও আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বড় কোনো ইনজুরিতে পড়েননি মেসি। ফলে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলতে তার সামনে আপাতত কোনো বাধা নেই।
২০২৬ বিশ্বকাপ শুরুর আগে ইন্টার মিয়ামির হয়ে শেষ ম্যাচ খেলতে সোমবার ভোরে ফিলাডেলফিয়া ইউনিয়ন–এর বিপক্ষে মাঠে নেমেছিলেন মেসি। দল জিতলেও ম্যাচের শেষভাগে হালকা অস্বস্তি অনুভব করেন তিনি। এরপরই সতর্কতামূলক সিদ্ধান্তে মাঠ ছাড়েন এই মহাতারকা।
ম্যাচ শেষে কোচও জানিয়েছিলেন, পরিস্থিতি খুব গুরুতর মনে হচ্ছে না। তারপর মেডিকেল পরীক্ষার পর বিষয়টি আরও পরিষ্কার হয়। আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তেসহ একাধিক সূত্র জানিয়েছে, মেসির চোট লাগেনি—শুধু অতিরিক্ত চাপের কারণে পেশিতে সাময়িক অবসন্নতা তৈরি হয়েছে।
এক বিবৃতিতে ইন্টার মিয়ামি জানায়, ডাক্তারি পরীক্ষায় মেসির বাম হ্যামস্ট্রিংয়ে অতিরিক্ত চাপের প্রভাব ধরা পড়েছে। তবে তার পুনর্বাসন ও মাঠে ফেরার সময় নির্ভর করবে শারীরিক অবস্থার উন্নতির ওপর।
তাই আপাতত স্বস্তিতেই আছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। বিশ্বকাপ শুরুর আগেই দুটি প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ৭ জুন হন্ডুরাস ও ১০ জুন আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে তাদের। আর ১৭ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান।
এখনও চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেননি কোচ লিওনেল স্কালোনি। আগামী ৩০ জুন দল ঘোষণার কথা রয়েছে তার। বিশ্বকাপ শুরু হতে বাকি ১৭ দিন, আর আর্জেন্টিনার প্রথম ম্যাচের জন্য হাতে আছে আরও কিছুটা সময়। ফলে মেসিকে পুরোপুরি ফিট করে তোলার সুযোগ পাচ্ছে টিম ম্যানেজমেন্ট।
আর সেই কারণেই, ফিলাডেলফিয়ার মাঠে কয়েক মুহূর্তের যে আতঙ্ক তৈরি হয়েছিল, সেটি এখন বদলে গেছে স্বস্তিতে। কারণ, বিশ্বমঞ্চে মেসিকে দেখার স্বপ্ন এখনও অটুট।
পিডি