অবশেষে ট্রাম্প যাচ্ছে চিড়িয়াখানায়
কোরবানির হাটে আলোচনার ঝড় তোলা সেই ভাইরাল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে শেষ পর্যন্ত আর কোরবানি দেওয়া হচ্ছে না। বিরল প্রজাতির ধবধবে সাদা এই মহিষটির নতুন ঠিকানা হতে যাচ্ছে মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা।
আজ বুধবার (২৭ মে) রাতেই তাকে চিড়িয়াখানায় নিয়ে আসা হচ্ছে।
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহিষটিকে সাধারণ মানুষের প্রদর্শনীর জন্য আজ রাতে চিড়িয়াখানায় নিয়ে আসার কথা রয়েছে। সেটিকে রাখার জন্য ইতোমধ্যে একটি বিশেষ শেড (থাকার জায়গা) প্রস্তুত করা হয়েছে এবং এটি সবার পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।
এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে, অদ্ভুত সুন্দর এই মহিষটিকে ঘিরে সাধারণ মানুষের অতিরিক্ত কৌতূহল ও জনসমাগমের কারণে কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দেওয়া হয়।
সম্ভাব্য বিশৃঙ্খলা ও নিরাপত্তার কথা বিবেচনা করে কোরবানি না দিয়ে মহিষটিকে রাষ্ট্রীয় এই চিড়িয়াখানায় সংরক্ষণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
আর/আই