জাতীয়

ঈদের শুভেচ্ছা বিনিময়ে ঢাকা সেনানিবাসে তারেক রহমান

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে ঢাকা সেনানিবাসে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (২৮ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে সেনাসদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রধানমন্ত্রী বর্তমানে ঢাকা সেনানিবাসে অবস্থান করছেন।

এর আগে সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন তিনি।

ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির মহিমান্বিত বার্তা নিয়ে প্রতি বছর মুসলিম উম্মাহর জীবনে ফিরে আসে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে তিনি দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদ মোবারক জানান এবং ঈদের শুভেচ্ছা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ঈদের এই পবিত্র সময়ে আল্লাহ যেন সবার ত্যাগ কবুল করেন এবং দেশসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন—এ প্রার্থনা করি।

বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা কামনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর হয়ে উঠুক ঈদুল আজহা। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করুন এবং তাঁর অশেষ রহমত ও বরকতে জীবন শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন