দেশে ফিরল ইরাকে মিসাইল হামলায় নিহত শ্রাবনের মরদেহ
ইরাকে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা মোহাম্মদ শ্রাবনের মরদেহ শুক্রবার (২৯ মে) ভোরে দেশে পৌঁছায়। ভোর ৫টা ১৫ মিনিটে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে সরকারের পক্ষ থেকে তা গ্রহণ করা হয়।
বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ইসলাম ওবায়েদ।
এ সময় তিনি নিহতের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। পরে দাফন-কাফনের জন্য তিনি পরিবারের হাতে ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তাও তুলে দেন।
নিহত মোহাম্মদ শ্রাবন মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার বকুলতলা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মোহাম্মদ নলি মিয়ার সন্তান। জীবিকার তাগিদে প্রায় ১০ বছর আগে তিনি ইরাকের বাগদাদে পাড়ি জমান।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি বাগদাদে যুদ্ধকালীন পরিস্থিতিতে নিক্ষিপ্ত একটি মিসাইলের আঘাতে তিনি নিহত হন। তার অকাল ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে সরকারি প্রক্রিয়ায় মরদেহ দেশে আনা হয়। গত ২৭ মে বাগদাদ বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট TK0843-এ মরদেহটি পাঠানো হয়। পরে তুরস্কে ২৯ ঘণ্টার ট্রানজিট শেষে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর TK0712-এ করে মরদেহটি আজ সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
এর আগে গত ২৫ মে বাগদাদস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) পারভেজ আলম চৌধুরী আনুষ্ঠানিকভাবে মরদেহ প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন।
এসি//