জাতীয়

ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত, আটক ১

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৩০ মে) সকালে উপজেলার বাগানবাজার ইউনিয়নের উদয়পাথর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মো. জয়নাল (৩২) স্থানীয় বাসিন্দা মো. ইলিয়াছ কোম্পানির ছেলে। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই মো. জাফরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জাফরের ফেসবুক আইডি হ্যাক হওয়ার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা শাহজাহানের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি শান্ত করতে ছোট ভাই জয়নাল এগিয়ে গেলে জাফর ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জয়নালকে উদ্ধার করে বারৈয়ারহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত জাফরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পিডি 

এ সম্পর্কিত আরও পড়ুন