ঈদ-পরবর্তী প্রথম কর্মদিবস আজ, খুলছে অফিস-ব্যাংক ও পুঁজিবাজার
পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে আজ সোমবার (০১ জুন) থেকে আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরছে দেশের সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং পুঁজিবাজার।
ঈদ উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের দীর্ঘ অবকাশ উপভোগের সুযোগ পান। ছুটি শেষে কর্মজীবী মানুষের কর্মস্থলে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে রাজধানীসহ সারা দেশে আবারও কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।
আজ থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি অফিস, ব্যাংক, বিমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারের নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে।
ব্যাংকগুলোতে গ্রাহকরা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লেনদেন করতে পারবেন। তবে ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। একই সময়সূচিতে পরিচালিত হবে বিমা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও।
অন্যদিকে, দেশের দুই পুঁজিবাজার- ডিএসই ও সিএসইতে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে। আর স্টক এক্সচেঞ্জ দুটির অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ফিরতি যাত্রাও জোরদার হয়েছে। শনি ও রোববার দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরেছেন। ফলে রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপও বাড়তে শুরু করেছে।
তবে সংশ্লিষ্টদের ধারণা, প্রতি বছরের মতো এবারও ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়াগুলোতে কর্মব্যস্ততা তুলনামূলকভাবে কিছুটা কম থাকতে পারে।
এসি//