শিক্ষা

নতুন বছরে স্কুলে ছুটি কত দিন, জানাল শিক্ষা মন্ত্রণালয়

আগামী বছর মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য থাকছে মোট ৭০ দিনের ছুটি। পবিত্র রমজান, ঈদ, গ্রীষ্মকালীন ও শীতকালীন অবকাশসহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবস মিলিয়ে এ ছুটির খসড়া তালিকা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত তালিকায় সবচেয়ে বেশি ছুটি রাখা হয়েছে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে।

খসড়া সূচি অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে মোট ৭০ দিন ছুটি থাকবে। এর মধ্যে রমজান ও ঈদুল ফিতরে ২৪ দিন, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ১০ দিন এবং শীতকালীন অবকাশে ১১ দিন ছুটি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। দুর্গাপূজায় তিন দিন এবং শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত ছুটি থাকবে দুই দিন।

প্রস্তাবিত সূচিতে দেখা যায়, ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত টানা বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে নির্ধারিত এই ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে মোট ২৪ দিন গণনা করা হয়েছে।

এই সময়ের মধ্যে রয়েছে ১১ ফেব্রুয়ারি শ্রীশ্রী সরস্বতী পূজা, ২০ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ মার্চ জামাতুল বিদা, ৬ মার্চ শ্রীশ্রী শিবরাত্রি, ৭ মার্চ শবে কদর এবং ১০ মার্চ ঈদুল ফিতর।

অন্যদিকে, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ১৬ থেকে ২৭ মে পর্যন্ত ১২ দিন বিদ্যালয় বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি বাদে কার্যদিবসের ছুটি হবে ১০ দিন। এই ছুটির সময়ের মধ্যে ১৯ মে বুদ্ধ পূর্ণিমাও রয়েছে।

বছরের শেষ দিকে শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও বড়দিন উপলক্ষে ১৪ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে। ১৫ দিনের এই সময়ের মধ্যে সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে মোট ১১ দিন ছুটি গণনা করা হয়েছে।

অন্যান্য ছুটি যেসব উপলক্ষে

খসড়া তালিকা অনুযায়ী, ৬ জানুয়ারি শবে মেরাজ ও ২৪ জানুয়ারি শবে বরাত উপলক্ষে এক দিন করে ছুটি থাকবে।

মার্চে ২২ তারিখ শুভ দোলযাত্রা এবং ২৮ মার্চ ইস্টার সানডে উপলক্ষে ছুটি রাখা হয়েছে এক দিন করে। তবে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস শুক্রবার হওয়ায় এ উপলক্ষে অতিরিক্ত ছুটি থাকছে না।

এপ্রিলে ৪ তারিখ শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে এক দিন করে ছুটি নির্ধারণ করা হয়েছে।

মে মাসের ১ তারিখ মহান মে দিবস শনিবার হওয়ায় এ উপলক্ষেও আলাদা ছুটি রাখা হয়নি। জুনে ১৬ তারিখ পবিত্র আশুরা উপলক্ষে এক দিন ছুটি থাকবে।

জুলাইয়ে ১৮ তারিখ আষাঢ়ী পূর্ণিমা এবং ২৮ জুলাই আখেরি চাহার সোম্বা উপলক্ষে এক দিন করে ছুটি রাখা হয়েছে।

আগস্টে ৫ তারিখ জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) এবং ২৫ আগস্ট শুভ জন্মাষ্টমী উপলক্ষে এক দিন করে ছুটি থাকবে।

সেপ্টেম্বরে ১৩ তারিখ ফাতেহা-ই-ইয়াজদাহম, ১৫ সেপ্টেম্বর মধু পূর্ণিমা এবং ৩০ সেপ্টেম্বর শুভ মহালয়া উপলক্ষে এক দিন করে ছুটি নির্ধারণ করা হয়েছে।

অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে ৭ থেকে ১১ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রস্তাব রয়েছে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি বাদে কার্যদিবসের ছুটি হবে তিন দিন। এ ছাড়া ১৪ অক্টোবর লক্ষ্মীপূজা এবং ২৮ অক্টোবর শ্যামাপূজা উপলক্ষে এক দিন করে ছুটি থাকবে।

নভেম্বরে ৭ তারিখ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক দিন ছুটি রাখা হয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত থাকবে আরও দুই দিনের ছুটি।

খসড়া সূচিতে সাপ্তাহিক ছুটির দিনে পড়া জাতীয় দিবসগুলোর জন্য অতিরিক্ত ছুটি রাখা হয়নি। একইভাবে রমজান ও ঈদুল ফিতর, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ, দুর্গাপূজা এবং শীতকালীন অবকাশের নির্ধারিত সময়ের মধ্যে থাকা শুক্র ও শনিবারগুলোও আলাদা ছুটি হিসেবে গণনা করা হয়নি।

তবে এটি এখনো ছুটির চূড়ান্ত তালিকা নয়। শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবিত খসড়া অনুযায়ীই আগামী শিক্ষাবর্ষের ছুটির হিসাব নির্ধারণ করা হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন