পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিল ব্রাজিল
আসন্ন ফুটবল বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে প্রস্তুতি ম্যাচে পানামাকে ৬-২ গোলে হারিয়েছে ব্রাজিল। রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ৩ টায় রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা ব্রাজিল খেলা শুরুর মাত্র এক মিনিটের মধ্যেই ভিনিসিউস জুনিয়রের দেয়া গোলে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল।
তবে ১৩ মিনিটে মাইকেল মুরিলোর নেওয়া ফ্রি-কিকে ব্রাজিলের ম্যাথিউস কুনিয়ারের শরীরে লেগে বল জালে জড়ালে (আত্মঘাতী গোলে) সমতায় ফেরে পানামা।
ম্যাচের ৩৮ মিনিটে ভিনিসিউসের পাস থেকে হেডে গোল করে আবারও দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ক্যাসেমিরো।
দ্বিতীয়ার্ধে গোলরক্ষক পরিবর্তন করে অ্যালিসনের জায়গায় এডারসনকে নামান আনচেলত্তি। এরপর একের পর এক আক্রমণে পানামার রক্ষণভাগ ভেঙে আরও চারবার গোলের দেখা পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের ৮৩ মিনিটে কার্লোস হার্ভে পানামার হয়ে একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ৬-২ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।
আগামী ৭ জুন বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মিসরের মুখোমুখি হবে ব্রাজিল।
এরপর ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে তারা। গ্রুপ পর্বে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।
আর/আই