চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা
প্রথম ধাপের ভোটে পিছিয়ে থাকলেও দ্বিতীয় ধাপের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারোকে হারিয়ে চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা। রোববার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে ৫১ শতাংশের বেশি ভোট পেয়ে জয় নিশ্চিত করেন আশি বছর বয়সী এই রাজনীতিক।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ব্রাজিলের সুপিরিয়র ইলেকটোরাল কোর্টের তথ্য অনুযায়ী, লুলা পেয়েছেন ছয় কোটি ৪০ লাখের বেশি ভোট।
অন্যদিকে, ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ শতাংশের কিছু বেশি ভোট, যার সংখ্যা পাঁচ কোটি ৯০ লাখের বেশি।
নির্বাচনের প্রথম ধাপে লুলা পেয়েছিলেন ৪৫ শতাংশ ভোট। বিপরীতে বলসোনারোর ভোট ছিল ৪৭ শতাংশ। প্রথম ধাপে পিছিয়ে থাকার পরও দ্বিতীয় ধাপে জয়ী হয়ে ব্রাজিলের আধুনিক নির্বাচনী ইতিহাসে নতুন নজির গড়েছেন লুলা।

আগামী ২০২৭ সালের ৫ জানুয়ারি চতুর্থ মেয়াদে শপথ নেওয়ার কথা রয়েছে তার। তবে ভোটগ্রহণের দিন পরিবহন সংকট ও ভারী বৃষ্টির কারণে ভোটারদের ভোগান্তি দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় সুপ্রিম কোর্টের নির্দেশে নির্ধারিত সময়ের চেয়ে আরও দুই ঘণ্টা ভোটগ্রহণ চালু রাখা হয়।
লুলার বিজয়ে অভিনন্দন জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম ও যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স। তবে ভোটগ্রহণের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে আপত্তি তুলেছেন পরাজিত প্রার্থী ফ্লাভিও বলসোনারো ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। এ সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তাঁরা নির্বাচন বাতিলের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন।
বিজয়ী ভাষণে লুলা স্বীকার করেন, আগামী দিনে তাকে ডানপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা থাকা কংগ্রেসের সঙ্গে কাজ করতে হবে। লাতিন আমেরিকাজুড়ে ডানপন্থী রাজনৈতিক শক্তির উত্থানের মধ্যে তার এই জয় দেশটির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। নির্বাচনী প্রচারে কর্মসপ্তাহ কমানো ও মানুষের অর্থনৈতিক চাপ লাঘবের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, ফ্লাভিও বলসোনারোর বাবা ও ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো অভ্যুত্থানচেষ্টার অভিযোগে ২৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এর আগে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ব্রাজিলের ওপর বিভিন্ন শুল্ক আরোপ করেছিল।
এসি//