ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস প্রদর্শনী বন্ধের প্রতিবাদে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুরে ঢাকা সিলেট মহাসড়ক এর পাশে ‘ব্রাহ্মণবাড়িয়া সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, গতকাল তিনি এ সিনেমাটি দেখেছেন। এটি একটি চমৎকার সিনেমা। পরিবারের সকলকে নিয়েই এটি দেখার উপযোগী।
তিনি বলেন, “যারা বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিত করতে চায়, তারাই ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস সিনেমার প্রদর্শনী বন্ধ করে দিয়েছে।”
তিনি আরও বলেন, যেই রাষ্ট্র কোনো অপরাধ বন্ধ করতে পারেনি। যেই রাষ্ট্র ছোট-ছোট শিশুদের বলাৎকার আর ধর্ষণের হাত থেকে বাঁচাতে পারেনি, সেই রাষ্ট্র কী করে আজকে বাংলাদেশে যেখানে ধর্মের পাশাপাশি সবরকম সাংস্কৃতিক কর্মকাণ্ড চলেছে, সেটাকে বন্ধ করে বাংলাদেশকে; পরের প্রজন্মকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার মদদ দিচ্ছে!
মানববন্ধনে বক্তারা সিনেমা প্রদর্শনী বন্ধের ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের অবাধ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধন শেষে তারা সিনেমা প্রদর্শনীর দাবিতে প্রতিবাদ মিছিল করেন।
আই/এ