দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় উজানের ঢলে তলিয়ে গেছে ২৫০ হেক্টর ফসলি জমি

ভারত থেকে আসা পাহাড়ী ঢলে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখাউড়ার উপজেলার তিনটি ইউনিয়নের ২৫০ হেক্টর ধানি জমি পানির নিচে প্লাবিত হয়েছে। ভারী বৃষ্টির কারনে রোববার রাত থেকে সোমবার পর্যন্ত পানি বাড়ছে। তবে ধানি জমি তলিয়ে গেলেও বাড়িঘরে পানি প্রবেশ করে নাই।

সোমবার (২৪ জুলাই) আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাসুদ রানা জানান, চলতি আমন মৌসুমে আখাউড়া উপজেলায় ৪০১২ হেক্টর ধানি জমি দুই সপ্তাহ আগে রোপন করা হয়েছিল। আকস্মিক পানি বৃদ্ধির ফলে আখাউড়া সদর ইউনিয়ন, দক্ষিণ ইউনিয়ন ও মোগড়া ইউনিয়নের প্রায় ২৫০ হেক্টর ধানি জমি পানির নিচে তলিয়ে গেছে। তবে দুই থেকে তিন দিনের মধ্যে পানি কমে গেলে ফসলি জমির ক্ষতি হবে না।

ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকাশ দত্ত জানান, হাওড়া নদীর পানি বাংলাদেশ অংশে বিপদ সীমার প্রায় তিন ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টিপাত না হলে এই পানি দ্রুত সরে যাবে।

ইউএনও তাপসী রাবেয়া বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে ধানি জমি তলিয়ে গেছে। এখন পর্যন্ত বাড়িঘরে পানি প্রবেশ করে নাই। যে কোন পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত আছি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন