অর্থনীতি

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

স্বর্ণপ্রেমীদের জন্য স্বস্তির খবর। টানা মূল্য ওঠানামার ধারাবাহিকতায় দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে প্রতি ভরি স্বর্ণ কিনতে আগের চেয়ে কয়েক হাজার টাকা কম খরচ করতে হবে ক্রেতাদের।

মঙ্গলবার (০২ জুন) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। নতুন এ মূল্য মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম রাখা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।

বাজুসের ভাষ্য, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম কমে যাওয়ায় এবং সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৫ মে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা করা হয়। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৭০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ দফা দাম বেড়েছে, আর ৩৩ দফা কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বৃদ্ধি পেলেও ২৯ বার কমানো হয়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন