খেলতে গিয়ে জলাশয়ে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে নাহিদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) উপজেলার রমজাননগর ইউনিয়নের ১০নং সোরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ ওই গ্রামের আলম গাজীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নাহিদ দুপুরে খেলতে খেলতে এক সময় বাড়ির পাশের একটি জলাশয়ের পানিতে পড়ে যায়। তৎক্ষণাৎ পরিবারের সদস্যরা বিষয়টি টের না পাওয়ায় সে দীর্ঘ সময় পানিতে পড়ে থাকে।
একপর্যায়ে পরিবারের সদস্যরা নাহিদকে বাড়ির আশপাশে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের জলাশয়ে তাকে পানিতে ভাসতে থাকা অবস্থায় দেখতে পান স্বজনরা। সেখান থেকে দ্রুত তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান গণমাধ্যমকে জানান, শিশুটির মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পিডি