ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। ফিরতি ফ্লাইটে একের পর এক ফিরছেন তারা। একই সঙ্গে হজ পালনের সময় মৃত্যুবরণ করা হাজিদের সংখ্যা সম্পর্কেও পাওয়া গেছে সর্বশেষ তথ্য।
হজ অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (০২ জুন) পর্যন্ত মোট ৪৩টি ফিরতি ফ্লাইটে ১৭ হাজার ৬৮৯ জন বাংলাদেশি হাজি দেশে ফিরে এসেছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হজে গিয়ে এখন পর্যন্ত ৪২ জন হাজির মৃত্যুর খবর পাওয়া গেছে।
হজ ফ্লাইট পরিচালনায় তিনটি বিমান সংস্থা অংশ নিচ্ছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ১০টি ফ্লাইট, সৌদিয়া এয়ারলাইনস ১৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইটের মাধ্যমে হাজিদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ২ হাজার ৮২ জন, আর বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ফিরেছেন ১৫ হাজার ৬০৭ জন।
হজ অফিস আরও জানায়, মারা যাওয়া ৪২ জন হাজির মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৫ জন নারী। তাঁদের মধ্যে ৩২ জন মক্কায় এবং ১০ জন মদিনায় মৃত্যুবরণ করেছেন।
উল্লেখ্য, চলতি বছরের হজ কার্যক্রম শুরু হয়েছিল ১৮ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে এবং তা শেষ হয় ২১ মে। এরপর ৩০ মে থেকে শুরু হয় ফিরতি হজ ফ্লাইট, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে বলে জানা গেছে।
এসি//