ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ
পরিবার-পরিজনের সাথে ঈদ পালনের পর ছুটি শেষে আবারও কর্মব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছেন মানুষ। রাজধানীর কমলাপুরে বেড়েছে যাত্রীদের চাপ, বাস ও লঞ্চেও বেড়েছে ভিড়।
মঙ্গলবার (২ জুন) সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে যাত্রীদের চাপ দেখা গেছে। সেই চিরচেনা দৃশ্য, হাতে ব্যাগ, কাঁধে লাগেজ আর চোখে কর্মস্থলে ফেরার তাড়া।
ঈদের আগে বাড়ি যাওয়ার সময় চরম ভোগান্তি দেখা গেলেও শিডিউল বিপর্যয় না হওয়ায় ফিরতি যাত্রায় তার তুলনায় অনেকটাই স্বস্তি পেয়েছেন বলে জানিয়েছেন অধিকাংশ যাত্রী।
সরকার নির্ধারিত ঈদের ছুটি শেষে সোমবার অফিস-আদালাত শুরু হওয়ায় চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে ঢাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা বাস, লঞ্চ ও ট্রেনে যাত্রী উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।পাশাপাশি রাত্রিকালীন যাত্রাপথে খুব বেশি বিলম্ব না হওয়ায় সন্তুষ্টির কথা জানিয়েছেন যাত্রীরা।
যাত্রীরা বলেন, এবারে ঈদযাত্রায় যাওয়ার সময় অতটা ভোগান্তির মুখে পড়িনি। আসার সময়ও একই অবস্থা। সব মিলিয়ে এবারের ঈদযাত্রা স্বস্তির ছিল।
এ ছাড়া কয়েকটি ট্রেন বিশেষ করে নোয়াখালী, জামালপুর ও চট্টগ্রাম রুটের কিছু ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়ে আসায় গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হয়েছে। ফলে কিছু যাত্রীকে অতিরিক্ত সময় ট্রেনেই কাটাতে হয়েছে।
রেলওয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ঈদের পরও যারা বাড়ি ফিরছেন, তাদের বেশিরভাগই আগে থেকেই টিকিট সংগ্রহ করেছিলেন। ফলে স্টেশন এলাকায় যাত্রী চলাচল এখনও স্বাভাবিক সময়ের তুলনায় বেশি রয়েছে।
আর/আই