দেশের বাজারে স্বর্ণ-রুপার দামে স্বস্তি
স্বর্ণ ও রূপার বাজারে আবারও স্বস্তির খবর এসেছে। দেশের বাজারে দুই মূল্যবান ধাতুর দামই কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য মঙ্গলবার (০২ জুন) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা এবং রুপার দাম ১১৭ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (বিশুদ্ধ স্বর্ণ) ও রূপার দাম কমে যাওয়ায় সামগ্রিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকায়। ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।
এর আগে গত ২৫ মে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়িয়ে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা করা হয়েছিল। নতুন সিদ্ধান্তে সেই দাম থেকে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে।
অন্যদিকে রূপার দামও কমেছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা বিক্রি হবে ৫ হাজার ৬৫৭ টাকায়। ২১ ক্যারেটের রূপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৪১ টাকা।
চলতি বছরজুড়ে মূল্য সমন্বয়ের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত স্বর্ণের দাম ৭০ বার পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার বেড়েছে এবং ৩৩ বার কমেছে। একই সময়ে রূপার দাম সমন্বয় করা হয়েছে ৪১ বার; যার মধ্যে ২২ বার বৃদ্ধি এবং ১৯ বার হ্রাস পেয়েছে।
বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, স্বর্ণ ও রূপা—উভয় ধাতুর দাম কমায় ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মৌসুমে এই মূল্যহ্রাস ক্রেতাদের আগ্রহ বাড়াতে পারে।
এসি//