৫০ শয্যার সব উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী
দেশের সব উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বুধবার (০৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশের ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যার হাসপাতালে উন্নীত করা হবে। অন্য ৮টি উপজেলায় ইতোমধ্যে ১০০ শয্যার হাসপাতাল রয়েছে। সেখানে প্রয়োজনীয় নতুন ভবন নির্মাণ করা হবে। হাসপাতালগুলোর শয্যা বৃদ্ধি এবং প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি সরবরাহের কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে বলেও জানান তিনি।
সাখাওয়াত হোসেন বকুল বলেন, উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে প্রতিটি হাসপাতালে একজন নারী ও একজন পুরুষ ফিজিওথেরাপিস্ট নিয়োগের ব্যবস্থা রাখা হবে।
তিনি আরও জানান, দেশের পাঁচটি বিভাগীয় শহরে ২০০ শয্যার শিশু বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। আগামী ছয় মাসের মধ্যে এসব হাসপাতাল উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। সেখানে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে পাঁচটি বড় শহরে এক হাজার শয্যার পাঁচটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। এসব হাসপাতালে শুধু নারীরা চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
তিনি বলেন, স্বাস্থ্যখাত থেকে দুর্নীতি দূর করে পুরো ব্যবস্থাকে নতুনভাবে সাজানো হবে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করে তা দেশের প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দেয়া হবে।
এসি//