মায়ের প্রতি অবহেলার অভিযোগ, দায়িত্ব থেকে সরানো হলো যুগ্ম সচিব ছেলেকে
রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সি নূর জাহান বেগমের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে তার ছেলে যুগ্ম সচিব ড. এ কে এম আনিসুর রহমানকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে সরকার।
বুধবার (০৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্বরত ড. এ কে এম আনিসুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সংযোগ) পদে পদায়ন করা হলো।
তাকে ৪ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নির্দেশিত নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ৩১ মে রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে নূর জাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, দীর্ঘ সময় পড়ে থাকায় মরদেহে পচন ধরেছিল। বাসার ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ ও অবহেলার চিত্রও দেখা যায়। দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রতিবেশীদের নজরে আসে এবং পরে পুলিশকে জানানো হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নূর জাহান বেগম ওই বাসায় তার মেয়ের সঙ্গে থাকতেন। ঘটনাস্থলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়।
জানা গেছে, নূর জাহান বেগমের এক ছেলে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং একমাত্র মেয়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত। সন্তানরা প্রতিষ্ঠিত পেশায় থাকলেও মায়ের এমন মৃত্যুতে জনমনে তীব্র ক্ষোভ ও সমালোচনা সৃষ্টি হয়েছে।
এ ঘটনার পর আবারও আলোচনায় এসেছে ২০১৩ সালের পিতা-মাতার ভরণপোষণ আইন। এ আইনে বলা হয়েছে, প্রত্যেক সন্তানের দায়িত্ব তার পিতা-মাতার ভরণপোষণ, চিকিৎসা ও সার্বিক দেখভাল নিশ্চিত করা। একাধিক সন্তান থাকলে পারস্পরিক সমঝোতার মাধ্যমে এই দায়িত্ব ভাগ করে নেওয়ার বিধানও রয়েছে।
এমএ//