বাহরাইনে ৫ শিয়া আলেমসহ ২০ কর্মী গ্রেপ্তার
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা মধ্যেই বাহরাইনে ২০ জন শিয়া কর্মীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন প্রভাবশালী ধর্মীয় আলেমও রয়েছেন।
বৃহস্পতিবার (০৪ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাতে আলজাজিরা জানায়, বুধবার বাহরাইনের বিভিন্ন এলাকায় একাধিক বাড়িতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় সাইয়্যেদ ইয়াসিন মুসাভি, শেখ আলী আল-মুস্তারিশদ, শেখ জাফর আশুর, শেখ নাজির মালিক ও শেখ মাহমুদ তাহেরিকে আটক করা হয়।
মানবাধিকার সংগঠন আমেরিকানস ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস ইন বাহরাইন জানিয়েছে, মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে অন্তত ৫৩ জন শিয়া ধর্মীয় ও সামাজিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, আটক ব্যক্তিরা একটি বিদেশি রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্রে জড়িত ছিলেন।
মন্ত্রণালয়ের অভিযোগ, তাদের সঙ্গে ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের যোগাযোগ ছিলো।
অন্যদিকে স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ২০০৬ সালের সন্ত্রাসবিরোধী আইনের বিস্তৃত ধারা ব্যবহার করে সরকার শান্তিপূর্ণ ধর্মীয় বক্তব্য ও ভিন্নমত দমন করছে।
এমএ//