নয়াদিল্লির হোটেলে আগুন, বাংলাদেশির মৃত্যু
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে হাউজ রানি এলাকার পাঁচতলা ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ হোটেলে এই দুর্ঘটনা ঘটে।নিহত নূরুল আমিন সোহাগ (৪৭) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গীশ্বর গ্রামের বাসিন্দা।
শুক্রবার (৫ জুন) নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। নিহতের মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে দূতাবাসের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য ছোট বোন ও ভগ্নিপতিকে নিয়ে দিল্লিতে গিয়েছিলেন সোহাগ। সেখানে একটি আবাসিক হোটেলে অবস্থানকালে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে সোহাগ, তার বোন ও ভগ্নিপতি গুরুতর দগ্ধ হন।
তাদের দ্রুত দিল্লির ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার নূরুল আমিন সোহাগ মারা যান। তার বোন ও ভগ্নিপতির অবস্থাও এখনও সংকটাপন্ন বলে জানা গেছে।
এদিকে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, পরিবারের সঙ্গে প্রশাসনের যোগাযোগ রয়েছে এবং মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ হাইকমিশনের তথ্যমতে, এই অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ২২ জন প্রাণ হারিয়েছেন।
পি/ডি