তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলের প্রধান হুইপ মো. নাহিদ ইসলাম।
শনিবার (০৬ জুন) এনসিপির পক্ষ থেকে জানানো হয়, গতকাল ঢাকার একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে হাকান ফিদান জুলাই বিপ্লবে এনসিপি নেতাদের ভূমিকার প্রশংসা করেন এবং শেখ হাসিনা সরকারের পতনে তাদের অবদানের জন্য অভিনন্দন জানান। জবাবে এনসিপি নেতারা রোহিঙ্গা সংকট মোকাবিলায় তুরস্কের ধারাবাহিক কূটনৈতিক সহায়তা ও সক্রিয় ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে দুই পক্ষ প্রতিরক্ষা সহযোগিতা, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি কৌশলগত ও কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় হয়।
এনসিপি নেতারা বাংলাদেশ ও তুরস্কের তরুণদের মধ্যে সম্পর্ক জোরদারে বিভিন্ন বিনিময় কর্মসূচি চালুর ওপর গুরুত্বারোপ করেন।
তাদের মতে, এ ধরনের উদ্যোগ দুই দেশের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বাড়াতে সহায়ক হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব এমপি আখতার হোসেন, প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক এমপি আতিক মুজাহিদ, আন্তর্জাতিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত আলাউদ্দিন মোহাম্মদ এবং যুগ্ম সদস্য সচিব হোমায়রা নূর ও রাফে সালমান রিফাত ।
এসি//