রাজধানী

মেট্রোরেল এর সময়সূচিতে আসছে পরিবর্তন, আজ থেকে কার্যকর

ছবি: সংগৃহীত

ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীর কর্মচাঞ্চল্য ফিরে আসার সঙ্গে সঙ্গে রোববার (০৭জুন) থেকে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল। যাত্রীদের চাহিদা ও চলাচলের সুবিধা বিবেচনা করে এ সূচি কার্যকর করেছে কর্তৃপক্ষ। নতুন সূচি অনুযায়ী ট্রেন চলাচলের সময় ও ব্যবধানেও কিছু পরিবর্তন আনা হয়েছে।   

এখন থেকে রাতে উভয় দিক থেকে বাড়তি সময় ট্রেন চলাচল করবে। সম্প্রতি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।  এই সময়সূচি চূড়ান্ত করার আগে গত এক মাস ধরে মাঠপর্যায়ে নিবিড় পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।     

কর্তৃপক্ষের নতুন সিদ্ধান্ত অনুযায়ী,  রাতে মতিঝিল স্টেশন থেকে উত্তরার উদ্দেশ্যে সবশেষ  ট্রেনটি রাত ১০টা ১০ মিনিটের পরিবর্তে এখন থেকে ছেড়ে যাবে রাত সাড়ে ১০টায়।  একইভাবে,উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে সবশেষ ট্রেনটি রাত ৯টা ৩০ মিনিটের পরিবর্তে এখন থেকে ছেড়ে যাবে রাত ৯টা ৫০ মিনিটে।  অর্থাৎ রাতে উভয় প্রান্তে ২০ মিনিট করে বাড়ানো হচ্ছে।       

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে,  শুরুতে মতিঝিল থেকে রাত ১১টা এবং উত্তরা থেকে রাত ১০টার পর পর্যন্ত ট্রেন চালানোর একটি বড় পরিকল্পনা ছিল।  তাই মেট্রোরেল চলাচলের সময় আরও বেশি বাড়ানোর পরিকল্পনা থাকলেও রাতে যাত্রী চাহিদা নিয়ে অনিশ্চয়তার কারণে আপাতত ২০ মিনিট সময় বাড়ানো হয়েছে। যাত্রীদের সাড়া বিবেচনায় ভবিষ্যতে সময় আরও বাড়ানো হতে পারে।    

এর আগে গত বছরের অক্টোবরেও মেট্রোরেল চলাচলের সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হয়েছিল। তখন সকালে আধা ঘণ্টা আগে ট্রেন চলাচল শুরু হয় এবং রাতেও আধা ঘণ্টা সময় বাড়ানো হয়েছিল।  

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর ঢাকায় প্রথম মেট্রোরেলের ঐতিহাসিক যাত্রা শুরু হয় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশ চালুর মাধ্যমে। এরপর পর্যায়ক্রমে ২০২৩ সালের শেষ দিনে মতিঝিল পর্যন্ত সব কটি স্টেশনে পুরোদমে যাত্রী ওঠানামা শুরু হয়। বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে চার লাখ যাত্রী যানজটহীন ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে মেট্রোরেলে যাতায়াত করছেন।

মূলত রাতের শেষভাগে যাতায়াতকারী কর্মজীবী ও শিক্ষার্থীদের সুবিধার্থেই এ সময় বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে ডিএমটিসিএল। কর্তৃপক্ষের এই পদক্ষেপে নৈশকালীন যাত্রী কষ্ট অনেকটাই কমবে বলে ধারণা করা হচ্ছে।   

 

পি/ডি 

  

এ সম্পর্কিত আরও পড়ুন