খেলাধুলা

বিসিবি নির্বাচন আজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে আজ রোববার (০৭ জুন)। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই নির্বাচনে ১৫টি পরিচালক পদে ভোটগ্রহণ হবে।

বিসিবির ২৫টি পরিচালক পদের মধ্যে ১০টির বিষয়ে এরই মধ্যে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়েছে। এর মধ্যে আটজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর দুজনকে মনোনয়ন দেবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

ক্যাটাগরি-১ থেকে ফেনী জেলা ক্রীড়া সমিতির শরিফুল ইসলাম অপু মনোনয়নপত্র প্রত্যাহার করায় চট্টগ্রাম বিভাগ থেকে সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু ও মঈন উদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সৈয়দ বিন জামান ও এস. এম. আব্দুল্লাহ আল ফুয়াদ। এছাড়া রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সাল আমিন, সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী এবং ক্যাটাগরি-৩ থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তবে খুলনা ও বরিশাল বিভাগে ভোট হবে। এই দুই বিভাগ থেকে মোট তিনজন পরিচালক নির্বাচিত হবেন। খুলনার দুটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মোহাম্মদ আবদুস সালাম। অন্যদিকে বরিশালের একটি পদের জন্য লড়বেন মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ মুনতাসির আলম চৌধুরী।

ক্লাব ক্যাটাগরিতেও ভোট অনুষ্ঠিত হবে। লিজেন্ডস অব রূপগঞ্জের মোহাম্মদ লুৎফর রহমান এবং ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের মোহাম্মদ মাহমুদুর রহমান নাম প্রত্যাহার করলেও ১২টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ক্লাব ক্যাটাগরির প্রার্থীরা হলেন—ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, আসিফ রাব্বানী, ফয়জুর রহমান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, তামিম ইকবাল, মোহাম্মদ আমজাদ হোসেন, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, মোহাম্মদ রফিকুল ইসলাম বাবু, অধ্যাপক ড. সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানীম, সাঈদ ইব্রাহিম আহমেদ, সৈয়দ বোরহানুল হোসেন, শফিক আহমেদ সালাম ও মেজর ইমরোজ আহমেদ (অবসরপ্রাপ্ত)।

পরিচালক পদে ভোটগ্রহণ শেষে একই দিন বিসিবির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের আগে শুক্রবার রাতে ঢাকায় ক্লাব ক্যাটাগরির ১৬ প্রার্থী কাউন্সিলরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা নিজেদের পরিচয় তুলে ধরে সমর্থন চান।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিসিবির অস্থায়ী সভাপতি তামিম ইকবাল। তিনি সম্ভাব্য পরিচালকদের ব্যক্তিগত পরিচয়ের ঊর্ধ্বে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

তামিম বলেন, “এই প্রার্থীদের মধ্যে ক্রিকেটার, ব্যবসায়ী, ডাক্তার এবং রাজনৈতিক পরিবারের লোকজন আছেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে, মিরপুর স্টেডিয়ামে প্রবেশের সময় আমাদের ব্যক্তিগত পরিচয় বাইরে রেখে আসতে হবে। একবার এই চেয়ারে বসলে, আপনার একমাত্র দায়িত্ব হবে বাংলাদেশ ক্রিকেটের সেবা করা।”

তিনি আরও বলেন, “এখানে ব্যক্তিগত পরিচয় গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো—খেলার জন্য কাজ করার প্রবল ইচ্ছা।”

ক্রিকেট প্রশাসনে নতুন চিন্তা ও উদ্যমী নেতৃত্বের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তামিম। তিনি বলেন, “অভিজ্ঞতার অবশ্যই মূল্য আছে এবং অভিজ্ঞ সংগঠকরা গুরুত্বপূর্ণ। একই সাথে, আমি বিশ্বাস করি তরুণ, উদ্যমী এবং নতুন মানসিকতার মানুষও সমান গুরুত্বপূর্ণ। সৌভাগ্যবশত প্রার্থীদের মধ্যে আমাদের এমন অনেক ব্যক্তি আছেন। আশা করি নির্বাচিত হলে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি করবেন তারা।”

বিসিবির আসন্ন নির্বাচন বোর্ডে স্থিতিশীলতা আনবে বলেও আশা প্রকাশ করেন তামিম। তিনি বলেন, “গত দেড় থেকে দুই বছরে অনেক কিছু ঘটেছে। আমি আগেও এই বিষয়গুলো নিয়ে অনেকবার কথা বলেছি। আশা করি, এই নির্বাচনের পর যিনিই নির্বাচিত হবেন, তিনি একটি স্থিতিশীল বোর্ড গঠন করবেন। একটি স্থিতিশীল বোর্ড বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে এবং খেলাকে সঠিক পথে অগ্রসর হতে সাহায্য করবে।”

 

এমএ/

এ সম্পর্কিত আরও পড়ুন