শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
চট্টগ্রামের হালিশহরে পাঁচ বছর বয়সী এক শিশুকে বাসায় ঢুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
রোববার (৭ জুন) সকালে হালিশহর থানার ছোটপুল এর কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রুবেল (২৮) পেশায় একজন অটো-টেম্পুচালক। ভুক্তভোগী শিশুর বাবাও একজন গাড়িচালক।
স্থানীয়রা জানিয়েছেন, ভুক্তভোগী শিশুর গার্মেন্টসকর্মী মা সকালে কর্মস্থলে যান। বৃষ্টি থাকায় শিশুটির বাবা মেয়ের সঙ্গে ঘরেই ঘুমাচ্ছিলেন। রুবেল গাড়ি বের করার অজুহাতে বাসায় যান। কিন্তু বৃষ্টির কারণে শিশুর বাবা গাড়ি বের করতে অসম্মতি জানালে রুবেল ঘর থেকে চলে যাওয়ার ভান করে। এরপর শিশুর বাবা আবার ঘুমিয়ে পড়লে রুবেল পুনরায় ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়।
ভুক্তভোগী শিশুর বাবার ভাষ্য মতে, ‘সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় তিনি এবং তার মেয়ে ঘুমিয়েছিলেন। সকালে রুবেল গাড়ি বের করার কথা বলে তার বাসায় যায়। তখন শিশুর বাবা জানিয়ে দেন বৃষ্টির কারণে গাড়ি বের করবেন না। এরপর রুবেল চলে যাওয়ার ভান করে। পরে শিশুর বাবা আবারো ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর মেয়ের চিৎকারে তার ঘুম ভেঙ্গে যায়। ঘটনাস্থলে ছুটে গেলে মেয়ে সবকিছু খুলে বলে। এই খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় রুবেলকে আটক করেন। উত্তেজিত জনতা রুবেলকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেধে পিটুনী দিতে থাকে। খবর পেয়ে পুলিশ রুবেলকে থানায় নিয়ে যায়। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেছেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
পি/ডি