দেশজুড়ে

কিশোরের বিরুদ্ধে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধামাচাপা দেয়ার চেষ্টা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রশিদপুর দেওয়ানচালা এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে।  অভিযোগ উঠেছে রশিদপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও আব্দুর রশিদের ছেলে রিফাত (১৪) এ ঘটনা ঘটিয়েছে

শনিবার (৬ জুন) রাতে কিছু প্রভাবশালী ব্যক্তি অভিযুক্ত পক্ষের হয়ে ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেন। বিষয়টি নিয়ে এলাকায় কয়েক দফা উত্তেজনা ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, গত ৪ জুন দুপুরে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ির পাশের একটি নির্জন জঙ্গলে নিয়ে যায় রিফাত। সেখানে সে শিশুকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। পরে শিশুটি অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে এলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।

ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করে বলেন, ঘটনার বিচার চাইতে গেলে অভিযুক্ত পক্ষের লোকজন তাদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে এবং এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এদিকে ঘটনার পর অভিযুক্ত রিফাত ও তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছে বলে স্থানীয়রা জানান। বর্তমানে তাদের বাড়িতে তালা ঝুলতে দেখা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, গতকাল রাতে কিছু প্রভাবশালী ব্যক্তি অভিযুক্ত পক্ষের হয়ে ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেন। বিষয়টি নিয়ে এলাকায় কয়েক দফা উত্তেজনা ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরবর্তীতে সালিশ বৈঠকে অভিযুক্তকে উপস্থিত করার কথা থাকলেও দীর্ঘ সময় অপেক্ষার পরও তাকে হাজির করা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী বিচার কার্যক্রমের বিরোধিতা করে বিক্ষোভ ও মিছিল করে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভুক্তভোগী পরিবারকে নিরাপদে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে অভিযুক্ত রিফাতের দাদা বলেন, “আমরা কাউকে হুমকি দিইনি। আমার নাতি যে কাজ করেছে, তার সুষ্ঠু বিচার হোক। এটি কোনো ভালো কাজ নয়।

 

ওসি মোঃ শহিদুল ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারকে উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে অভিযুক্ত পরিবার পলাতক থাকলেও এলাকাবাসী দ্রুত আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন