দেশজুড়ে

গাজীপুরে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ১১ পুলিশ-আনসার সদস্য

ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে গাজীপুরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এ সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলে পুলিশ ও আনসার বাহিনীর ১১ সদস্য আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সংঘর্ষে আহতদের বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা। একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা।

দুপুর ১২টার দিকে মহানগরীর সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। তবে শ্রমিকেরা পুলিশ ও আনসার সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে ছয় পুলিশ সদস্য ও পাঁচ আনসার সদস্য আহত হন।

এ ছাড়া মহানগরীর মালিকের বাড়ি এলাকায় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে আরও এক পুলিশ সদস্য আহত হন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, সালনা এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া ছয় আনসার সদস্য আহত হয়েছেন। মালিকের বাড়ি এলাকায় আরও একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে, শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন