৩ লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার,মান যাচাই করলেন প্রধানমন্ত্রী
দেশের তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বাইসাইকেলের মান ও ব্যবহারিক সুবিধা নিজেই চালিয়ে পরীক্ষা করে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর সচিবালয়ে দিনের কর্মসূচি শুরুর আগে তিনি বিভিন্ন নমুনার বাইসাইকেল চালিয়ে দেখেন।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেলের নমুনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। এ সময় তিনি বেশ কিছুক্ষণ বিভিন্ন মডেলের বাইসাইকেল চালিয়ে সেগুলোর মান ও ব্যবহারিক সুবিধা যাচাই করেন।
সরকারের এ কর্মসূচির আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।
মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো, বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়ার হার কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এমজে/এ